ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের ভোটে আগামীতেও নির্বাচিত হওয়ার দৃঢ় আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১’ উপস্থাপনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আমি আশাবাদী, পুনরায় জনগণ আমাদের নির্বাচিত করবে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে। জনগণের উন্নয়নে যে কাজ করছি, তা অব্যাহত থাকবে।”
প্রধানমন্ত্রীর প্রেস সবিচ আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০০৯ সালের এপ্রিলে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে ভিত্তি হিসাবে ধরে দীর্ঘ মেয়াদী ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১’ প্রণয়নের সিদ্ধান্ত হয়। ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এর বাস্তবায়ন হবে।
২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর আগে কাঙ্খিত লক্ষ্য অর্জনেই সরকার দীর্ঘ মেয়াদী এ ‘প্রেক্ষিত পরিকল্পনা’ প্রণয়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
“এটা হবে বর্তমান সরকারের নেওয়া প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, যা রূপরেখা হিসাবেই প্রণীত হবে।”
একাত্তরে মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিনটিকে স্মরণ করে শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এবং বাংলাদেশকে একটি মধ্যমে আয়ের দেশে পরিণত করে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের জন্যই প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
“আমরা সময় নষ্ট করতে চাই না। পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ করতে হবে”, বলেন প্রধানমন্ত্রী।
জটিলতা পরিহার করে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেন শেখ হাসিনা। তিনি বলেন, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাড়াতে হবে।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের নেতৃত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা, অর্থসচিব মোহাম্মদ তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ, পরিকল্পনা সচিব ভূইয়া সফিকুল ইসলামসহ ১১ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সামনে এই ‘প্রেক্ষিত পরিকল্পনা’ উপস্থাপন করেন।
প্রেক্ষিত পরিকল্পনার সারসংক্ষেপে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে ২০১৫ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) ৮ শতাংশ ও ২০২১ সালে মধ্যে ১০ শতাংশ উন্নীত করতে হবে।
আর এ জন্য জনগণের অংশীদারিত্বভিত্তিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসকরণ ব্যবস্থা, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা, বিশ্বায়ন ও আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ, উন্নয়ন ও নাগরিক কল্যাণ বৃদ্ধির জন্য জ্বালানি নিরাপত্তা অর্জন, অবকাঠামো নির্মাণসহ নাগরিক সমস্যা নিরসসন, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো উপশম এবং ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে নিত্যনতুন উদ্ভাবন প্রক্রিয়াকে বেগবান করতে হবে।
২০২১ সালের মধ্যে মাথাপিছু আয় দু’হাজার ডলারে উন্নীত, জাতীয় সঞ্চয় জিডিপির ৩৯ শতাংশ, অভ্যন্তরীণ বিনিয়োগ ৩৮ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এই পরিকল্পনায়। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর আগেই দারিদ্র্য কমিয়ে ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮০২ ঘ.
bdnews24