চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় এনএসআইয়ের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেছেন আসামির আইনজীবীরা।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার কার্যক্রম শুরুর পর এনাম জবানবন্দি উপস্থাপন করেন। পরে বিকাল ৫টা পর্যন্ত তাকে জেরা করা হয়।
দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটিরও সদস্য ছিলেন এনাম।
এর আগে গত ৪ এপ্রিল ডিজিএফআই’র সাবেক প্রধান সাদিক হাসান রুমি এ মামলায় আদালতে সাক্ষ্য দেন। এ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী তাকে জেরা করেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএলর সংরক্ষিত জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করে।
এ মামলার আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইর সাবেক দুই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তাালুকদার ও সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, চোরাকারবারি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
এ মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা কমান্ডার পরেশ বড়–য়া পলাতক আছেন।
গত বছরের ২৯ নভেম্বর বহু আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জেকে/১৮২১ ঘ.
bdnews24