২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন তুহিন মালিকের

আগামী ১৯ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করেছেন মেয়র পদের সম্ভাব্য প্রার্থী ড. তুহিন মালিক। আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুমতি নিয়ে মঙ্গলবার তিনি এই আবেদন দাখিল করেন। বিচারক আবেদনটি গ্রহণ করে ১৯ এপ্রিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তুহিন মালিকের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যে রিট আবেদনে হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে, তার আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদও এই শুনানিতে উপস্থিত ছিলেন। সোমবার এক আদেশে ঢাকা সিটি কর্পোরেশনের দুই ভাগে নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আদেশে যথাসম্ভব দ্রুত ডিসিসির ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা হালনাগাদ করে দ্রুত নির্বাচন করতে বলেন তারা। এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক বলেন, “আমি ঢাকা দক্ষিণের প্রার্থী। এ কারণে দক্ষিণের বিষয়ে আবেদন করেছি।” এরইমধ্যে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন তিনি। তুহিন মালিক বলেন, “হাইকোর্টের দায়ের করা রিটে বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনকে নতুন কর্পোরেশন বলা হয়েছে। কিন্তু এটি নতুনভাবে গঠিত সিটি কর্পোরেশন নয়। বিভক্তিকরণের মাধ্যমে এই কর্পোরেশন গঠন করা হয়েছে। আইনেও এটা বলা আছে।” বিএনপি সমর্থক এই আইনজীবী মনে করেন, ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হবে না। তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, “আমরা ন্যায় বিচার চাইতে আদালতে এসেছি। সব মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আমার মক্কেলও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন প্রার্থী। হাইকোর্টের আদেশের ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।” “আর নির্বাচনের তফসিল ঘোষণার পর আর নির্বাচন স্থগিত করা যায় না”, বলেন এই আইনজীবী। অনদিকে নির্বাচন স্থগিতের জন্য রিট আবেদনকারী সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “আমরাও ন্যায় বিচারের পক্ষে। তবে ন্যায় বিচার করতে হবে আইনের ভিত্তিতে। এই নির্বাচনের ক্ষেত্রে আইন মানা হচ্ছে না। তাই এভাবে নির্বাচন হয়ে গেলে পরে কেউ আদালতে আসলে ওই নির্বাচন অবৈধ হয়ে যেতে পারে। তখন সরকারের বিপুল অর্থ ব্যয়ের কারণ হয়ে দাড়াবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/জেকে/১৩০০ ঘ.