নিউ ইয়র্ক, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ কিস্তিতে দ্বাদশ কেমোথেরাপি শেষে আবারো সিটি স্ক্যান করা হবে ক্যান্সারে আক্রান্ত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের।
লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ণয়ে ২৪ এপ্রিল হুমায়ূনের সিটি স্ক্যান করা হবে। তবে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ জানতে ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চলছে হুমায়ূনের চিকিৎসা।
কমোথেরাপি নেওয়া শেষ হলেও হুমায়ূনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়ে গেছে বলে জানান শাওন। “এর মধ্যেও তিনি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন।”
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। সেই সময় থেকে কুইন্সে একটি বাসা ভাড়া করে থাকছেন হুমায়ূন পরিবার।
একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন চিকিৎসার ফাঁকে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। একুশের গত বই মেলায়ও তার আটটি বই প্রকাশিত হয়েছে।
মেহের আফরোজ শাওন জানান, চিকিৎসার ফাঁকেই তিনি ‘দেয়াল’ উপন্যাসটি লিখছেন। সেটি অনেক বিশাল কাজ, তাই একটু সময় নিচ্ছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপর তিনি এটি লিখছেন।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যেই হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।
১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন, পান বাংলা একাডেমী পুরস্কার।
তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এই জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫১ ঘ.
bdnews24