চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে গেছেন এক নাবিক।
সোমবার ভোররাতে পড়ে যাওয়া ওই নাবিককে দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
নিখোঁজ ফিলিপিন্সের নাগরিক রিকার্ডো গ্যালেন জার্মান পতাকাবাহী জাহাজ এমভি স্টেডন হামবুর্গের নাবিক।
রাত সাড়ে ৩টার দিকে বন্দরের বহির্নোঙ্গরের ‘বি’ অ্যাংকরেজে থাকা এমভি স্টেডন হামবুর্গ থেকে পড়ে যান গ্যালেন।
বন্দর সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজের ডেক থেকে ওই নাবিক পড়ে যান বলে ক্যাপ্টেন আমাদের জানিয়েছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তার নির্দিষ্ট কারণ জানা যায়নি।”
গত শনিবার কন্টেইনারবাহী বিদেশি জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসে। এটি বন্দর জেটিতে কন্টেইনার খালাসের অপেক্ষায় ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১৭০৪ ঘ.
bdnews24