ফেনী, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে রোববার সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শারমিন নিহত হয়েছেন। এতে তার স্বামী ডা. সাইফুদ্দিন গুরুতর আহত হন।
সাইফুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা।
পরশুরাম থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, শারমিন ও সাইফুদ্দিন মোটর সাইকেলযোগে পরশুরাম থেকে সলিয়ায় বাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন।
তাদের প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শারমিন মারা যান।
পুলিশ অটোরিকশাটি আটক করেছে। চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী শাখার সাধারণ সম্পাদক ডা. সাহেদুল ইসলাম কাওসার জানান, সাদিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24