দিনাজপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুরে ইটভাটায় পুঁতে রাখা একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি ওই ইটভাটার নিখোঁজ নৈশপ্রহরী হামিদুর রহমানের বলে তার পরিবার দাবি করেছে।
এ ঘটনায় ইটভাটার ব্যবস্থাপক শীতল চন্দ্র বর্মণ ও শ্রমিক আলাউদ্দিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা বেগমের উপস্থিতিতে উপজেলার টাটাকপুর গ্রামের এস এ ব্রিকস নামক ইটভাটা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিখোঁজ নৈশপ্রহরীর ছেলে আশরাফুল ইসলাম জানান, কঙ্কালটি তার বাবার। কঙ্কালের সঙ্গে পাওয়া চাবির গোছা ও একটি তাবিজ দেখে কঙ্কালটি তার বাবার বলে তিনি ও তার মা হাজেরা বেগম শনাক্ত করেন।
ইটভাটা সংলগ্ন খয়েরপাড়া গ্রামের হামিদুর ওই ইটভাটার পুকুরের নৈশপ্রহরী ছিলেন। গত বছর রমজান মাসের প্রথম রাতে দায়িত্বরত অবস্থায় নিখোঁজ হন হামিদুর।
এ ঘটনায় ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে ইটভাটার দুই ব্যবস্থাপক শীতল চন্দ্র বর্মণ, দীপক চন্দ্র ও শ্রমিক আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, হামিদুরের নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে রেখে তদন্ত হচ্ছে। তবে কঙ্কালটি হামিদুরের কিনা তা ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫১০ ঘ.
bdnews24