ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন একাত্তরের প্রকৃত চিত্র সংবাদপত্রে তুলে আনা দুই সাংবাদিক মার্ক টালি ও সায়মন ড্রিং।
সোনারগাঁও হোটেলে সোমবার সন্ধ্যা পৌনে ৮টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন, যারা দুই সাংবাদিকের মুখে শোনেন সেই সময়ের কথা। লেখক-শিক্ষাবিদ, সচিবসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিলেন এই স্মৃতিচারণ অনুষ্ঠানে।
মার্ক টালি একাত্তরে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। যুদ্ধকালে পাকিস্তানি জান্তা সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে তাদের সেনাবাহিনী ও তাদের সহযোগীদের পক্ষেই প্রচারণা চলত। বিবিসি রেডিওতে মার্ক টালির পরিবেশিত খবর ছিল মানুষের সংবাদ জানার প্রধান উৎস।
ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ সংবাদদাতা সায়মন ড্রিং হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্ববাসীর কাছে পাকিস্তানি বাহিনীর বাঙালি নিধনযজ্ঞের খবর প্রকাশ করেন।
দুই বিদেশি সাংবাদিকের পাশাপাশি একাত্তরের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহও এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করে দেশ টিভি। অনুষ্ঠানটি দেখা যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটেও।
স্মৃতি ৭১ শিরোনামের এই অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠী মোহাম্মদী গ্রুপ ও হা-মীম গ্রুপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/২১১০ ঘ.
bdnews24