২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন ১৫ বিচারপতি

হাই কোর্টে অস্থায়ী ভিত্তিতে দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন ১৫ বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টে অস্থায়ী ভিত্তিতে দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন ১৫ বিচারপতি। রোববার সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম। এই ১৫ বিচারপতি হলেন, বিচারপতি মো. ফারুক (এম ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ এন এম বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি জে বি এম হাসান। রাষ্ট্রপতি গত বুধবার এই ১৫ জনকে হাই কোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ২০১০ সালের ১১ এপ্রিল এই ১৫ অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তখন তাদের সঙ্গে নিয়োগ পান আরো দুই বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামান। তবে অন্যদের চেয়ে আরো পরে তাদের শপথ হওয়ায় তাদের দুজনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের দুই বছর এখনো পূর্ণ হয়নি। জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস বাবু এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামানের নিয়োগে তখন আপত্তি জানিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তৎকালীন প্রধান বিচারপতি ফজলুল করিম ওই বছরের ১৮ এপ্রিল ১৭ জনের মধ্যে ১৫ জনকে শপথ পড়ালেও রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ পড়াননি। নিয়োগের প্রায় ৬ মাস পর এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর ওই দুই বিচারককে শপথ পড়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১১৫ ঘ.