২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের প্রথম দিন হাসপাতালে কাটালেন হুমায়ূন আহমেদ

কেমোথেরাপি নেওয়ার জন্য বাংলা নতুন বছরের প্রথম দিন নিউ ইয়র্কে হাসপাতালে কাটিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 03:43 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেমোথেরাপি নেওয়ার জন্য বাংলা নতুন বছরের প্রথম দিন নিউ ইয়র্কে হাসপাতালে কাটিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন দ্বাদশ কেমোথেরাপি নিচ্ছেন। শুক্রবার বিকালে কেমো দেওয়া শুরু হয়েছে। থেরাপি নিয়ে সোমবার তিনি বাসায় ফিরবেন বলে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে হুমায়ূনের চিকিৎসা চলছে। হুমায়ূন পরিবার কুইন্সে একটি বাসা ভাড়া করে সেখানেই থাকছেন। শাওন বলেন, “দ্বাদশ থেরাপির তারিখটি এমনভাবে নির্দিষ্ট করা হয় যে তা বাংলা নতুন বছরের প্রথম দিনে পরিণত হয়।” নববর্ষের আনন্দে শামিল হতে না পারলেও স্বামীর চিকিৎসা ভালোভাবে চলছে বলে তা নিয়ে খেদ নেই শাওনের। হুমায়ূনের আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন চিকিৎসার ফাঁকে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। একুশের গত বই মেলায়ও তার আটটি বই প্রকাশিত হয়েছে। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যেই হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন, পান বাংলা একাডেমী পুরস্কার। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এই জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪০ ঘ.