ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ফেরার সময় বিমানবন্দরে না থাকার পর শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও দেখা যায়নি সহকারীর অর্থ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মধ্যে থাকা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে।
তিন দিনের তুরস্ক সফরের পর শনিবার সকালে ঢাকা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথা অনুযায়ী বিমানবন্দরে তখন ছিলেন মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ মন্ত্রিসভার অন্য সদস্যদের বিমানবন্দরে দেখা গেলেও দেখা যায়নি রেলমন্ত্রীকে।
গত সোমবার রাতে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল চলছে।
বিএনপিসহ বিভিন্ন দল থেকে সুরঞ্জিতের পদত্যাগের দাবি উঠলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনাটি ‘দুঃখজনক’ বলেছেন দলের নেতা মাহাবুব-উল আলম হানিফ।
ঢাকার পৌঁছার পর বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু সেখানেও দেখা যায়নি উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিতকে।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদে সুরঞ্জিতের সঙ্গে থাকা আমির হোসেন আমু, এ কে আজাদ চৌধুরী, এইচ টি ইমাম ছিলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ফুল দিয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। সভানেত্রীকে শাড়ি দেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১০ ঘ.
bdnews24