২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন থেকে রিকশা উচ্ছেদে ‘কঠোর’ পুলিশ

লন্ডনে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তিন চাকার বাহন ‘রিকশা’ ব্যতিক্রমী বিনোদনের মাধ্যম হয়ে উঠলেও রিকশা চলাচলকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করছে ব্রিটিশ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

সৈয়দ নাহাস পাশা , লন্ডন থেকে লন্ডন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তিন চাকার বাহন ‘রিকশা’ ব্যতিক্রমী বিনোদনের মাধ্যম হয়ে উঠলেও রিকশা চলাচলকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করছে ব্রিটিশ পুলিশ। অলিম্পিক সামনে রেখে লন্ডনের ওয়েস্ট এন্ডের রাস্তা থেকে রিকশা উচ্ছেদে নেমেছে মেট্রোপলিটান পুলিশ। সম্প্রতি রাস্তা থেকে বেশ কিছু রিকশা আটকও করেছে তারা। এক্ষেত্রে ১৮৩৯ সালের ‘ঝুঁকিপূর্ণ পরিবহন আইন’ (ফিউরিয়াস রাইডিং) কাজে লাগাচ্ছে তারা। ঘোড়ার গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য সে সময় করা হয়েছিল এ আইন। এ আইনের আওতায় গত মঙ্গলবার এক চালককে ঝুঁকিপূর্ণভাবে রিকশা চালানোর অভিযোগে জরিমানা করা হয়। গত ২৩ মার্চ সেন্ট্রাল লন্ডনে ঝুঁকিপূর্ণ রিকশা চালানোর অভিযোগে মো. ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদলত তাকে চারটি ধারায় মোট ২৪৫ পাউন্ড জরিমানা করে। এছাড়া প্রসিকিউশন ফি, আটক রিকশা রাখার জন্য পার্কিং চার্জসহ অন্য দুই খাতেও তাকে জরিমানা দিতে বলা হয়। লন্ডন পুলিশ জানায়, ২৩ মার্চ রাত ৮টার দিকে ইসলাম রিকশায় যাত্রী নিয়ে অন্য এক রিকশা চালকের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেন। এতে যাত্রী আতঙ্কিত হয়ে গতি নিয়ন্ত্রণ করতে বললেও তা অগ্রাহ্য করেন চালক। তখন পুলিশ তাকে থামিয়ে মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট ১৮৩৯- এর ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। লন্ডনের ওয়েস্ট এন্ডের পিকাডেলি সার্কাসে পর্যটকদের কাছে বিনোদনের মাধ্যম হিসেবে রিকশা বেশ জনপ্রিয়। অনেক শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি উপার্জনের পথ হিসাবে রিকশা চালনা বেছে নিয়েছেন। আর তাদের কাছে রিকশা ভাড়া দিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি এজেন্সি। লন্ডনের কয়েকজন বাঙালি রিকশাচালক জানান, গ্রীষ্মে কোনো কোনো মাসে রিক্সা চালিয়ে এক থেকে দেড় হাজার পাউন্ড পর্যন্ত আয় হয়। এ কাজের জন্য অনুমতির বাধ্যবাধকতা না থাকায় সুবিধাজনক উপার্জনের সুযোগ হিসেবে রিকশা চালনাই বেছে নিয়েছেন তারা। লন্ডনের ওয়েস্ট এন্ডেই রিকশা বেশি দেখা যায়। পুরোপুরি বাংলাদেশি রিকশার মতো দেখতে না হলেও এই রিকশাকেই বাংলাদেশের ‘ঐতিহ্য’ হিসেবে পরিচিত করেন অনেকে। বাঙালির পাশাপাশি ভারতীয়, নেপালি এমনকি অনেক ইউরোপীয় নাগরিকও লন্ডনে রিকশা চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এএইচ/জেকে/১৫৩৫ ঘ.