চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বৃহস্পতিবার অফিস করেননি।
সংশ্লিস্ট দপ্তরের মন্ত্রীর সহকারীকে নিয়ে কেলেঙ্কারির ঘটনার আরেক কুশীলব ইউসুফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তাও জানেন না তার সহকর্মীরা।
কয়েকজন সহকর্মী বলেছেন, ‘শুনেছি তিনি ছুটিতে আছেন।’
রোববার রাতে ইউসুফ আলী মৃধা ঢাকায় যান বলে জানেন তারা।
সোমবার গভীর রাতে ঢাকায় রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুককে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। ইউসুফও ছিলেন ওই গাড়িতে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল। এরপর মন্ত্রীর সহকারী ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ ও সিআরবি সদর দপ্তরে ইউসুফ আলী মৃধার পদত্যাগ দাবিতে পৃথক তিনটি মিছিল করে রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২৩১৬ ঘ.
bdnews24