২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হযরত আলী আমাদের বীর’

তিন নারীকে ছিনতাইকারীর কবল থেকে মুক্ত করতে গিয়ে গুলিতে নিহত হযরত আলীকে এই নগরীর বীর বলে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন নারীকে ছিনতাইকারীর কবল থেকে মুক্ত করতে গিয়ে গুলিতে নিহত হযরত আলীকে এই নগরীর বীর বলে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে সাহস তিনি দেখিয়েছেন, উন্নত দেশে হলে হযরত আলী জাতীয় হিরো হিসাবে পরিচিতি পেতেন।” গত ৬ এপ্রিল ভোরে মিরপুরে তিন নারীকে ছিনতাইকারী ধরলে তা প্রতিরোধে ইট হাতে এগিয়ে যান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী হযরত। তখন ছিনতাইকারীদের গুলিতে প্রাণ হারান তিনি। নিহত হযরতের পরিবারের পাশে দাঁড়াতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে এক্ষেত্রে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। রাজধানীর সড়কে পুলিশের চেকপোস্টগুলোয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এর ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের জীবনের ঝুঁকি অনেকটা কমবে। এছাড়া পুলিশের ব্যবহৃত এ কে ফরটিসেভেন অস্ত্রের বদলে অধিক কার্যকর কিন্তু স্বল্পপাল্লার পিস্তল এমপিসেভেন দেওয়ার পরিকল্পনা চলছে বলে ডিএমপি কমিশনার জানান। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে বেনজীর বলেন, “আমি আজ এই বিষয়ে কিছু বলব না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২২৫০ ঘ.