ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. বেলায়েত হোসেন (৫৯) একজন সুবেদার ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলায়েত হোসেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তকে মৃত ঘোষণা করেন।
বেলায়েত খুলনায় কর্মরত ছিলেন বলে তিনি জানান।
বেলায়েতের ছেলে পিয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বাবা উপ-সহকারী পরিচালক (ডিএডি) হিসেবে পদোন্নতি হওয়ায় পদক নেওয়ার জন্য বিডিআর বিদ্রোহের তিন দিন আগে খুলনা থেকে পিলখানায় এসেছিলেন।
তিনি বলেন, তার বাবা কাশিমপুর কারাগারে ছিলেন। ২০ ফেব্রুয়ারি একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
তিনি বলেন, তার বাবা ৭ নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
তবে কারাধ্যক্ষ বলেন, “বেলায়েত মুক্তিযোদ্ধা কিনা এমন কোনো রেকর্ড আমাদের কাছে নাই।”
বেলায়েতের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরে। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯০৯ ঘ.
bdnews24