মাগুরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুরে হাসপাতালে পুলিশি হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন।
সাঈদ শেখ (২৫) নামে ওই আসামি মহম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মহম্মদপুর থানার এসআই মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তল্লাবাড়িয়া গ্রামে মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় আইয়ুব শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। ওই সময় সংঘর্ষে আহত হন সাঈদ শেখ। পরে তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই লুৎফর শেখ সাঈদ শেখসহ ২১ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় চিকিৎসাধীন অবস্থায় সাঈদকে গ্রেপ্তার করা হয়েছিলো বলে জানান এসআই মুজিবুর রহমান।
তিনি বলেন, “বুধবার রাত দেড়টার দিকে পুলিশি হেফাজতে থাকা সাঈদ হাতকড়া খুলে হাসপাতাল থেকে পালিয়ে যান।”
এ ঘটনায় হাসপাতালে দায়িত্বরত দুই পুলিশ সদস্য নাজিমুদ্দিন ও নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮১৭ ঘ.
bdnews24