২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যসচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে হাই কোর্টে তলব

আদালত অবমাননার রুলের জবাব না দেওয়ায় খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার রুলের জবাব না দেওয়ায় খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছে হাই কোর্ট। নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুর ইসলামের এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই আদেশ দেয়। আগামী ২৬ এপ্রিল খাদ্য সচিব বরুণ দেব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খানকে আদালতে হাজির হতে হতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করা অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতির অভিযোগে নুর ইসলামকে ২০০৪ সালের ১০ নভেম্বর সরকার ২৩ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি বাৎসরিক ইনক্রিমেন্টসহ সুবিধাদি বন্ধ করে দেয়। খুরশীদ বলেন, “এই আদেশের বিরুদ্ধে নুর ইসলামের এক আবেদনে প্রশাসনিক ট্রাইবুনাল ২০০৯ সালের ২৯ জুন ওই আদেশ অবৈধ ঘোষণা করে তার সুবিধাদি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে সরকার আবেদন করলেও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তা বহাল রাখে। এরপর সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে।” “সেখানে এই মামলাটি বিচারাধীন আছে। তবে কোনো স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও সরকার প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। এ কারণে আমরা হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ দাখিল করি”, যোগ করেন তিনি। তিনি জানান, আদেশ বাস্তবায়ন না করার মাধ্যমে আদালত অবমাননার অভিযোগে ওই দুই বিবাদীকে কেন শাস্তি দেওয়া হবে না তা ২৮ ফেব্রুয়ারি জানতে চায় আদালত। বিবাদীরা এই আদেশের কোন জবাব না দেওয়ায় বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তাদেরকে স্বশরীরে হাজির হওয়ার আদেশ দিয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৮০৭ ঘ.