রমনা বোমা হামলা: বিচার শেষ হচ্ছে না ১১ বছরেও
রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ১১ বছর পূর্ণ হতে চললেও বার বার পিছিয়ে যাওয়ায় শেষ হচ্ছে না এ মামলার বিচার। এক আসামিকে হাজির করতে না পারায় এ মামলার সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার আবার পিছিয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী আদালতে হাজির হলেও মাওলানা সাব্বির নামের এক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়ে দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান। আগামী ১৬ এপ্রিল এ মামরার সাক্ষ্য গ্রহণের নতুন দিন রেখেছেন তিনি।
এ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য একটি মামলার শুনানির জন্য সাব্বিরকে চট্টগ্রামে নেওয়ার কারণে তাকে ঢাকার আদালতে হাজির করা যায়নি।
বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আওলাদ হোসেন এবং সিআইডির সাবেক সহকারী সুপার আখতারুজ্জামান ।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে আট জন কারাগারে ও একজন জামিনে রয়েছেন। বাকি পাঁচ আসামি পলাতক।
আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা সাব্বির, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া। জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন।
পলাতক পাঁচ আসামি হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, ও মুফতি আবদুল হাই।
