দিনাজপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে আরেকজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আজিজুর রহমান ওরফে আজিজ মুন্সী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হল। এর আগে সোমবার আটক করা হয় বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় একটি হোটেল মালিক আবুল কাশেম, বাচ্চুর দুই ছেলে ও এক শ্যালককে।
হাকিমপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চু রাজাকারকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় ‘ক্যাপিলা’ হোটেলের মালিক আবুল কাশেমকে সোমবার আটক করে গোয়েন্দা পুলিশ।
র্যাবের জিজ্ঞাসাবাদে কাশেম জানান, হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের আজিজ মুন্সীর মাধ্যমে বাচ্চুকে পালিয়ে যেতে সহায়তা করা হয়। তারই প্রেক্ষিতে আজিজ মুন্সীকে আটক করা হয়েছে।
ওসি জানান, আটককৃত আজিজকে জিজ্ঞাসাবাদ করার পর র্যাবের কাছে হস্তান্তর হবে।
সোমবার আটক হওয়া চারজনকেই পুলিশ হেফাজতে নিয়ে দু’দিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আযাদের দুই ছেলে ও শ্যালককে জ্ঞিাসাবাদের পর র্যাব জানিয়েছিল,
গত ৩০ মার্চ আযাদ ঢাকা ছাড়েন। এরপর ২ এপ্রিল দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যান।
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আযাদকে গ্রেপ্তারের জন্য গত ৩ এপ্রিল পরোয়ানা জারি করে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০৬ ঘ.
bdnews24