বান্দরবান, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) নামে একটি সশস্ত্র গ্রুপের ৪২ সদস্য আত্মসমর্পণ করেছে।
আলীকদম সেনাবাহিনীর পোয়ামুহুরী ক্যাম্পে মঙ্গলবার তারা আত্মসমর্পণ করে। তবে তারা কোনো অস্ত্র জমা দেয়নি।
আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল শাহীদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।
শাহীদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এই গ্রুপটি পাহাড়ি এলাকায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। সেনাবাহিনী তাদের উপর নজর রাখছিল।
তিনি আরো জানান, এরা সবাই জেলার আলীকদম ও থানচি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা নিজেদের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিসে আসতে চায়।
এ ব্যাপারে সেনাবাহিনী তাদের স্বাভাবিক জীবযাপনে সহায়তা দেবে, বলেন তিনি।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন বুসুই ম্রো, চিংওয়াইম্রো, সাকরাও ম্রো, ওমরাও ম্রো, চিংলে ম্রো, রেংহিং ম্রো, কাইপ্রে ম্রো, অরিং ম্রো, অদুই ম্রো ও লাংরি ম্রো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.
bdnews24