২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন ফরম নিয়েছেন সাঈদ, খালেক ও ইরাদ

ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মেয়র পদের জন্য ফরম সংগ্রহ করেছেন বিএনপির দুই জন ও এক আওয়ামী লীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মেয়র পদের জন্য ফরম সংগ্রহ করেছেন বিএনপির দুই জন ও এক আওয়ামী লীগ নেতা। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় দুইশ জন মনোনয়ন ফরম নিয়েছেন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশিদুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেলা ১১টা ২০ মিনিটে মেয়র পদের মনোনয়ন ফরম নেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। বিকাল পর্যন্ত সাধারণ কাউন্সিলর ১৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এ কার্যালয় থেকে। নির্বাচন কমিশনের উপসচিব ও নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক খোন্দকার মিজানুর রহমান ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিসিসি উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনির হোসেন জানান, বিএনপির সাবেক সাংসদ এস এ খালেক এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদের ছেলে চৌধুরী ইরাদ আহমেদ মেয়র পদের ফরম নিয়েছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য এই কার্যালয় থেকে অন্তত ৫০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে জানান মুনির। ডিসিসির এই অংশের নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার মিহির সারোয়ার মোর্শেদ। সাইদ খোকন সকালে মনোনয়ন ফরম নিতে আসেন মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ, শিক্ষক অমর বাবু, ইমাম মাওলানা শামসুল হক ও মুক্তিযোদ্ধা নজিবুল হককে সঙ্গে নিয়ে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “প্রথম দিনে ফরম সংগ্রহ করে ভালো লাগছে। নির্বাচন ঘিরে কিছু সন্ত্রাসী ইতোমধ্যে মাঠে নেমেছে। কমিশনকে এ দিকে নজর রাখতে হবে।” সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, প্রার্থীরা ‘নিয়ম মেনেই’ মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। প্রথম দিন সব ‘ঠিকভাবেই’ চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট হবে। প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত ইসির এক নির্দেশনায় বলা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক সব পোস্টার, ব্যানার ও বিলবোর্ড বুধবার রাত ১২টার মধ্যে সরিয়ে নিতে হবে। মুছে ফেলতে হবে দেওয়াল লিখন। ওই সময়ের পর কারো পোস্টার-বিলবোর্ড দেখা গেলে তাকেই এর দায় নিতে হবে। এই নির্দেশনা অমান্য করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। নির্বাচন আইন লঙ্ঘনের দায়ে প্রার্থীতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৪৫ ঘ.