২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের আসনে সহকারী, বাসচাপায় কিশোর নিহত

মুন্সীগঞ্জ শহরে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুদ্ধরা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুদ্ধরা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানায়, বুধবার সকালে শহরের কৃষি ব্যাংক চত্বরে সাইকেল আরোহী স্কুলছাত্র শরিফ হোসেনকে (১৪) একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালকের অনুপস্থিতিতে বাসটি তার সহকারী চালাচ্ছিল। নিহত শরিফ শহরের ২নং ইদ্রাকপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। সে শহরতলীর নয়াগাঁও গ্রামের মৃত ছমিরউদ্দিনে মিল্কির ছেলে। অভাবের কারণে পড়াশুনার পাশাপাশি শরিফ ফেরি করে লঞ্চঘাটে চানাচুর বিক্রি করত। সদর থানার ওসি আবুল বাসার জানান, ঢাকাগামী আন্তঃজেলা মালিক সমিতির যাত্রীবাহী বাসটি উল্টো পাশে গিয়ে সাইকেল আরোহী শরিফকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা চালকের আসনে থাকা সহকারী আইয়ুব আলীকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে দেয় এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়াগ ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পরেই বিক্ষুদ্ধ জনতা মানিকপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস ভাংচুর এবং সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে কিছুক্ষণের জন্য বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে শরীফ হত্যার বিচার চেয়ে শহরে মিছিল করে তারা। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া পালবাড়ি বাড়ির কাছে সকালে যাত্রীবাহী টমটম চাপায় এক বৃদ্ধ মারা গেছেন। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত রমনী চন্দ্র পাল (৭৫) মিনতলী এলাকার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫৭ ঘ.