২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মায় যুক্ত হচ্ছে মালয়শিয়ার বড় কোম্পানিগুলো’

মালয়শিয়ার সবচেয়ে বড় সেতু নির্মাণে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতু নির্মাণে অংশ নিতে পারে বলে জানিয়েছেন সেদেশের বিশেষ দূত দাতো সেরি এস স্যামি ভেলু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

রাশেদ রেজা ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়শিয়ার সবচেয়ে বড় সেতু নির্মাণে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতু নির্মাণে অংশ নিতে পারে বলে জানিয়েছেন সেদেশের বিশেষ দূত দাতো সেরি এস স্যামি ভেলু। এ প্রকল্পে মালয়শিয়া সরকার কোনো অর্থ বিনিয়োগ করবে না বলেও জানিয়েছেন তিনি। স্যামি ভেলু বলেছেন, “একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠান বিপুল অঙ্কের এই প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে।” নির্মাণাধীন দ্বিতীয় পেনাং সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটির সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান মালয়শিয়া সরকারের বিশেষ দূত। দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক এ বিশেষ প্রতিনিধি বলেন, “তারা যৌথ উদ্যোগে এ প্রকল্প হাতে নিতে পারে।” প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স, মালয়শিয়ান রিসোর্স কর্পোরেশন, পিএজি কনসাল্ট এসডিএন এবং এভারসেন্দাই কর্পোরেশন। ২৪ কিলোমিটার দীর্ঘ মালয়শিয়ার দ্বিতীয় পেনাং ব্রিজ হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘ সেতু। ২০০৮ সালে শুরু হওয়া এ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ও মালয়শিয়ার ইউইএম বিল্ডার্স। মঙ্গলবার মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ‘কো-অপারেশন অন পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট’ শিরোনামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের স্যামি এ তথ্য দেন বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা বার্নামা। স্যামি ভেলু জানান, মালয়শিয়ার পূর্ত মন্ত্রণালয়ের অধীনে গঠিত বিশেষ কমিটির কাছে যে সব কোম্পানি এ কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তাদের ব্যাপারে তিনি সুপারিশ করবেন। ‘পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ এ বছরই শুরু করার সময় নির্ধারণ করা হয়েছে’ জানিয়ে তিনি বলেন, “আশা করা যায় কাজ শুরুর পরবর্তী ৫৪ সপ্তাহের মধ্যেই তা শেষ হবে।” কোম্পানিগুলোর সক্ষমতা যাচাই-বাছাই শেষে কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য কোম্পানিগুলোকে কাজ শুরুর জন্য বাংলাদেশে পাঠানো হবে বলেও জানান মালয়শিয়া সরকারের বিশেষ দূত। স্বাক্ষরিত সমঝোতার আওতায় মালয়শিয়ার সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থা পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার কথা। এতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে অন্তত দুশ ৩০ কোটি ডলার। তবে প্রকল্পের খরচ বাড়তে পারে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে। মালয়শিয়ার যে প্রতিষ্ঠান সেতু প্রকল্পের দায়িত্ব পাবে তারা এর কারিগরি ও অর্থনৈতিক প্রস্তাব তৈরি করে জমা দেবে। এর ভিত্তিতেই নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তরের (বিওওটি) বিষয়গুলোর ফয়সালা হবে। সমঝোতা স্মারকের মেয়াদ থাকবে সই হওয়ার তারিখ থেকে নয় মাস। মালয়শিয়ায় বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের ব্যয় অন্তত ২৩০ কোটি ডলার। তবে প্রকল্পের খরচ বাড়তে পারে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে। অর্থায়ন সম্পর্কে স্যামি বলেন, “ঠিকাদারদের দায়িত্ব শুধু নির্মাণ কাজ শেষ করাই নয়, বিনিয়োগকারী আনার দায়িত্বটিও তাদের। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ আরো কয়েকটি দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি করেছিল সরকার। ওই সময় প্রকল্প ব্যয় ধরা হয় দুশ ৯০ কোটি ডলার। তবে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থছাড় স্থগিত করে বিশ্ব ব্যাংক। এর পর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংকও ঋণ সহায়তা ছাড় করেনি। এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে মালয়শিয়া। গত ২৫ মার্চ মালয়শিয়ার মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/পিডি/২২১০ ঘ.