ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগেই যেসব পোস্টার, ব্যানার, বিলবোর্ড লাগানো হয়েছিল সেগুলো সরাতে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (১১ এপ্রিল) রাত ১২টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় লাগানো এসব পোস্টার-বিলবোর্ড প্রার্থীদের নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলতে হবে। মুছে ফেলতে হবে দেওয়াল লিখন।
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে বেশ কিছুদিন আগে থেকেই ঢাকাজুড়ে বিভিন্নভাবে প্রচার চালিয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা, যা নিয়মের লঙ্ঘন। এসব সরানোর জন্যে ইতোমধ্যে আদালতের নির্দেশনাও এসেছে।
এ ধরনের কার্যক্রম নির্বাচনী আচরণ বিধি এবং নির্বাচনী আইনের সুষ্পষ্ট লঙ্ঘন মন্তব্য করে ফরহাদ হোসেন বলেন, “বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যক্তি কর্তৃক নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, স্টিকার, ব্যানার, বিলবোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের উদ্যোগে ও খরচে অপসারণ করতে হবে। দেয়াল লিখন মুছে ফেলতে হবে।”
ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এবং দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমানকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার কোথাও দেখা গেলে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য সংশি¬ষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
নির্বাচনী আইন লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন প্রার্থিতাও বাতিল করতে পারে।
মেয়াদ পূর্ণ হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের দিন ঠিক করে সোমবার তফসিল ঘোষণা করেছে ইসি।
এতে অংশ নিতে আগ্রহীরা ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২ মে।
গত ৯ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী রকিবের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের জন্য এটিই হবে প্রথম নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24