২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কাতার

বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আব্দুর রহমান ইউসুফ এ আল মোল্লা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ কথা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় এ সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে বিস্তারিত জানান। প্রেস সচিব বলেন, “কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ২১-২৬ এপ্রিল আঙ্কটাড সামিটের জন্য কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবির বিন মোহাম্মদ আল থানি’র পক্ষ থেকে দাওয়াতপত্র দিতে এসেছিলেন রাষ্ট্রদূত।” তিনি জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দুই জনই। কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবির বিন মোহাম্মদ আল থানি, কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি বাংলাদেশ সফরের বিষয়টি বৈঠকে পুনরুল্লেখ করেন শেখ হাসিনা। প্রেস সচিব বলেন, “দেশের অবকাঠামোখাতে কাতারের প্রধানমন্ত্রীর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। এ জন্য কাতারের প্রধানমন্ত্রী অচিরেই বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাবেন।” সরকারি-বেসরকারি অংশিদারিত্বকে বাংলাদেশ সরকার উৎসাহিত করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১৩৬ ঘ.