২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি: ‘সারপ্রাইজ’ দেবে বিএনপি

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে ‘যথাসময়ে’ সিদ্ধান্ত জানানো হবে, জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ‘যথাসময়’ দলীয় অবস্থান জানাবে বিএনপি। সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। ফখরুল বলেন, “ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হয় নির্দলীয়ভাবে। দলীয়ভাবে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। তবে ডিসিসির বিষয়ে এখন নয়, যথাসময়ে আমাদের অবস্থান করব। লট অব সারপ্রাইজ ইস ওয়েটিং ফর ইউ। অপেক্ষা করুন।’’ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। আগের দিনই বিএনপির জাতীয় কমিটির সভায় নেতারা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জোর অবস্থান প্রকাশ করেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়। মেয়াদ পূর্ণ হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ঠিক করে সোমবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগে অনুষ্ঠিত এই সংবাদ ব্রিফিংয়ে ডিসিসি নির্বাচনের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘‘সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয়। তাই সেখানে রাজনৈতিক দলের সক্রিয় অংশ নেয়ার কোনো সুযোগ নেই। ওই নির্বাচনে দলের ভূমিকা কী থাকবে, তা সময় মতো জানতে পারবেন।’’ ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে রোববার জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের প্রস্তাব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, “ঢাকাকে দুইভাগে বিভক্ত করে সেখানে অনির্বাচিত প্রশাসক নিয়োগ দিয়ে সরকার বেআইনি কাজ করেছে।” ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহনের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “ইভিএম সহজে ম্যানিপুলেট করা যায় বলে দেশে-বিদেশের বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে ইভিএম ব্যবহার করতে চাচ্ছে - যা দুরভিসন্ধিমূলক।” তিনি জানান, রোববারের জাতীয় নির্বাহী কমিটির সভায় আগামী নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। রোববার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় নির্বাহী কমিটির তৃতীয় সভা হয়। নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ফখরুল জানান, যেসব জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়নি, তা আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে এবং সব জেলায় দুই মাসের মধ্যে বর্ধিত সভার আয়োজন করা হবে। ফখরুল জানান, রোববার নির্বাহী কমিটির সভায় ৩৭ দফা প্রস্তাব এসেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য দেওয়া নিন্দা, ১০ জুনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহাল, পদ্মাসেতু দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ভারতের সঙ্গে সব ‘গোপন চুক্তি’ বাতিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, দ্রব্যমূল্য হ্রাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানো, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। ফখরুল বলেন, “১০ জুনের মধ্যে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নিলে ১১ জুন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এ ব্যাপারে খালেদা জিয়ার চলমান আন্দোলনের কর্মসূচির প্রতি নির্বাহী কমিটি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে।” সংবাদ ব্রিফিংয়ে মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব এবং অঙ্গসংগঠনের হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬১৮ ঘ.