২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে না বিসিএসে অনলাইনে আবেদনের সময়

৩৩তম বিসিএসে অংশ নিতে আবেদনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম বিসিএসে অংশ নিতে আবেদনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণে ‘ব্যর্থ’দের আবেদনগুলো আমলে নেওয়া হবে না। রোববার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যারা ফর্ম পূরণ করে ফি জমা দিতে পারেননি তাদের আবেদন আমলে নেওয়ার কোনো সুযোগ নেই।” শেষ মুহূর্তে আবেদন পূরণ করতে গেলে সার্ভারে চাপ পড়তে পারে- এমন আশঙ্কা থেকে এ ব্যাপারে আবেদনকারীদের বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই সতর্ক করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। এদিকে প্রথমবারের মতো অনলাইনে আবেদন করতে গিয়ে শেষ দিকে অনেকেই আবেদন ফরম পূরণ করেও টাকা জমা দিতে পারেননি বলে জানা গেছে। অনলাইনে বিসিএসের আবেদন ফরম পূরণে কারিগরি সহায়তাকারী মোবাইল অপারেটর টেলিটকের মহাব্যবস্থাপক (বিপণন) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেষ মুহূর্তে সার্ভারে প্রচণ্ড চাপ পড়ায় অনেকেই টাকা জমা দিতে পারেননি।” ফর্ম পূরণ করেও প্রায় সাড়ে তের হাজার আবেদনকারী টাকা জমা দিতে পারেননি বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকরামুল হক শামীম বলেন, ৫ এপ্রিল ফর্ম পূরণ করে ৬ এপ্রিল রাত থেকে চেষ্টা করেও টাকা জমা দিতে পারেননি তিনি। এ বছর রেকর্ড সংখ্যক এক লাখ ৮৪ হাজার আবেদনকারীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে জানিয়ে নেছারউদ্দিন বলেন, ৩১তম বিসিএসে এই সংখ্যা ছিল এক লাখ ৬৪ হাজার। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ৩৩তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে পেরেছেন সরকারি চাকরিপ্রার্থীরা। আগামী মে মাসের শেষ সপ্তাহে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসআই/পিডি/২০৫২ ঘ.