২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

জাটকা নিধন বন্ধে জনসচেতনতা তৈরিতে রোববার থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা নিধন বন্ধে জনসচেতনতা তৈরিতে রোববার থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। অবশ্য মঙ্গলবার বরগুনায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রোববার মৎস্য ভবন মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সপ্তাহব্যাপী কর্মসূচিতে আলোচনা সভা, কর্মশালা, জাটকা সংরক্ষণ বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শনী করা হবে। সংবাদপত্রে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র। এ জন্য ৩৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ‘জাটকা ইলিশ রক্ষা পেলে, পুষ্টি অর্থ দুই-ই মেলে’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে। লতিফ বিশ্বাস জানান, দেশে উৎপাদিত মাছের ১২ শতাংশ আসে ইলিশ থেকে এবং জিডিপিতে এর অবদান এক শতাংশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে তিন দশমিক চার লাখ মেট্রিকটন ইলিশ উৎপাদন হয়, যার বাজারমূল্য দশ হাজার দুইশ কোটি টাকা। পাঁচ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং আরো ২০-২৫ লাখ লোক পরোক্ষভাবে সম্পৃক্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা ১৫ জেলার ৮৫ উপজেলার এক লাখ ৮৬ হাজার ২৬৪ জন জেলেকে ফেব্র“য়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিমাসে ৩০ কেজি করে খাদ্যশষ্য দেওয়া হবে। ইলিশের প্রজনন বাড়াতে গত ২০০৩-০৪ অর্থবছর থেকে প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। বর্তমানে চাঁদপুর, ভোলা, পটুয়াখালী ও শরিয়তপুর জেলার চারটি নদীর পাঁচটি অভয়াশ্রমে বছরের নির্দিষ্ট সময়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামসুল কিরবিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৪০ ঘ.