২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কারো ঘাঁটি হবে না: দীপু মনি

বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশকে ঘাঁটি তৈরি করতে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশকে ঘাঁটি তৈরি করতে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। “এই ধরনের কোনো কিছু আমাদের চিন্তায়ও নেই,” রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এক দল সৈন্যের অবস্থানের প্রেক্ষাপটে দেশটির ঘাঁটি তৈরিতে অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না- প্রশ্ন করা হলে এ কথা বলেন তিনি। তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ছয় থেকে সাত জন সৈন্য দেশে রয়েছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের নিরাপত্তা সংলাপও এই ধরনের কোনো পরিকল্পনার অংশ নয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। “এটি একটি নৈমিত্তিক আয়োজন এবং তা অনেক দেশের সঙ্গেই আমাদের রয়েছে,” বলেন তিনি। আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠেয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ডু সাপিরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমাত্রিক সম্পর্কের নজির তুলে ধরে দীপু মনি বলেন, এই সংলাপ নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার একটি অংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সহযোগিতা ফ্রেমওয়ার্ক-টিকফা চুক্তির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে জানান তিনি। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয় নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন দীপু মনি। “যেখানে পুরো দেশ আনন্দে ভাসছে, সেখানে তাতে শামিল হওয়ার কোনো চেষ্টা তাদের নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনকও,” বলেন তিনি। মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি বন্ধুদের সম্মাননা দিতে এই বছরই আরো অনুষ্ঠান হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রথম পর্বে ১৩২ জনকে সম্মান জানানোর সিদ্ধান্ত সরকার নিলেও গত ২৭ মার্চ এক অনুষ্ঠানে ৮৩ জনকে সম্মান জানানো হয়। দীপু মনি বলেন, “বিদেশি বন্ধু হিসেবে ৫৬৮ জনকে ইতোমধ্যে আমরা চিহ্নিত করেছি, এই সংখ্যা বাড়তে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৭১০ ঘ.