২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির ভাই সাংবাদিক নেতাদের প্রতি ক্ষুব্ধ

সাগর-রুনির খুনি সনাক্ত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলন স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চায়ের দাওয়াতের’ পর এক মাস পেছানোয় বিস্মিত-ক্ষুব্ধ মামলার বাদী নওশের আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনির খুনি সনাক্ত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলন স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চায়ের দাওয়াতের’ পর এক মাস পেছানোয় বিস্মিত-ক্ষুব্ধ মামলার বাদী নওশের আলম। সাংবাদিক নেতাদের ‘সততা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি নিহত রুনির ভাই নওশের। হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে- শনিবার দুপুরে এক ‘চায়ের দাওয়াতে’ আন্দোলনরত সাংবাদিকদের নেতাদের এ আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ প্রেক্ষিতে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আগামী ৫ মে পর্যন্ত স্থগিত করেন সাংাবিদকরা। ওই সময়ের মধ্যে সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তার না হলে, সব সাংবাদিক খুনের বিষয়ে তদন্ত এবং দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে নির্দেশ না দিলে পর দিন (৬ মে) সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন বলে শনিবার বিকালে বলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক অংশের সভাপতি রুহুল আমীন গাজী। এ প্রসঙ্গে নিহত রুনির ভাই নওশের বলেন, “এসব সাংবাদিক নেতার ভূমিকা সব সময়ই প্রশ্নবিদ্ধ ছিলো।” “এই সাংবাদিক নেতারা শেষ পর্যন্ত সরকারকে সহযোগিতা করলেন এবং তদন্তের অগ্রগতি না করেই কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন,” বলেন ক্ষুব্ধ নওশের। “আমরা এখন বিচারের আশা ছেড়ে দিয়েছি।’ তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক নেতাদের কাছে কী এমন অগ্রগতির কথা বললেন যা অন্য সাংবাদিক এবং সাধারণ মানুষকে জানানো যাবে না?” মাছরাঙা টেলিভিশনের সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিন বাংলার মেহেরুন রুনির মৃতদেহ গত ১১ ফেব্রুয়ারি ভোরে তাদের রাজধানীর বাসা থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় ‘অজ্ঞাত পরিচয়’ আসামিদের বিরুদ্ধে মামলা করেন নওশের আলম। দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/২২৫৪ ঘ.