ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা গ্রহণে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসের পর রোববার থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
শনিবার সন্ধ্যায় মন্ত্রীর সঙ্গে তার ধানমন্ডির বাসায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঘণ্টাব্যাপী বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটির চেয়ারম্যান এ এস এম আলী খবির চাঁন।
মন্ত্রীর উপস্থিতিতে তিনি সাংবাদিকদের বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধ করার ব্যাপারে মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। তার এই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহারে সিদ্ধান্ত নিয়েছি।”
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বলে দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
তিনি জানান, ধর্মঘট প্রত্যাহার করা হলেও রোববার এ বিষয় নিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে তাদের বৈঠক রয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধ না হলে রোববার থেকে দক্ষিণাঞ্চলের সব পথে যান চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
আলী খবির চাঁন অভিযোগ করেন, বিআইডাব্লিউটিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের কিছু ব্যক্তি গত দুই বছর ধরে ফেরিঘাটে ‘কৃত্রিম যানজট’ তৈরি করে ‘ভিআইপি’ পরাপারের ব্যবসা করছে। অন্যদিকে সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় ধরে যানজটে পড়ে থাকতে হচ্ছে।
তাদের দাবি, ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যানের জন্য আলাদা সিরিয়াল রাখা, যাত্রীবাহী বাসকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়া, ফেরি এলাকায় দালাল-রাজনৈতিক কর্মী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ‘অবৈধ ভিআইপি’ পারাপারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৯২৯ ঘ.
bdnews24