২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি শিক্ষকদের কর্মসূচি

উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা। শনিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ৮-৯ এপ্রিল উপাচার্যের পদত্যাগ বিষয়ে উপাচার্য নিয়োজিত বিভিন্ন ফোরামের (শিক্ষক সমিতি, সমঝোতা কমিটি, কোষাধ্যক্ষ) সঙ্গে আলোচনা, ১০-১২ ও ১৫ এপ্রিল সর্বাত্মক শিক্ষক ধর্মঘট এবং উপাচার্যকে তার কার্যালয়ে অবরোধ। অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য নিয়োজিত বিভিন্ন ফোরামের সঙ্গে বসে আমরা তার পদত্যাগ বিষয়ে আলোচনা করব।” গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক এমএ মতিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক রশীদ হারুন. অধ্যাপক এনামুল্লাহ পারভেজ, শিক্ষক সমিতির সম্পাদক শরীফ উদ্দিন ওসহযোগী অধ্যাপক রায়হান রাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪১ ঘ.