চাঁদপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে শনিবার চাঁদপুরে পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে একজন নিখোঁজ হয়েছেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
মেঘনায় নিখোঁজ মাহবুব (৫৪) এমভি মনির নামের জাহাজটির সুকানি ছিলেন। তিনি বরিশালের স্বরূপকাঠি উপজেলার ইন্দিরাহাটের বাসিন্দা।
জাহাজের কর্মচারী ও নিখোঁজ মাহবুবের ছেলে সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে বরিশালের স্বরূপকাঠি যাওয়ার পথে বড়স্টেশন মোলহেড এলাকায় ঝড়ের কবলে পড়ে জাহাজটি। এসময় জাহাজে সুমন, তার বাবা মাহবুব ও আরেক কর্মচারী খোকন ছিলেন।
“বেলা ১২টা দিকে জাহাজটি নদীর তীরে ভেড়ানোর পর সবাই তীরে উঠে আসে। এ সময় ফেলে আসা মোবাইল ফোন ও টাকা আনতে জাহাজে ফিরে যান বাবা। তখনই ঝড়ে জাহাজটি ডুবে যায়।”
কোস্টগার্ড কমান্ডার জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবুরিরা মেঘনায় নিখোঁজের সন্ধ্যান চালিয়ে যাচ্ছে। জাহাজটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০৫ ঘ.
bdnews24