ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নেতাদের ‘চায়ের দাওয়াতে’ ডেকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাগর-রুনির হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। পাশাপাশি সব সাংবাদিক খুনের ঘটনারই তদন্ত হবে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটের একদিন আগে শনিবার সাংবাদিক নেতাদের এই চায়ের দাওয়াতে ডাকেন মন্ত্রী।
বেইলি রোডে মন্ত্রীর বাসভবনে প্রায় পৌনে দুই ঘণ্টা ‘বৈঠকের’ পর ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশে এ পর্যন্ত যতো সাংবাদিক নিহত হয়েছে তাদের বিষয়ে তদন্ত করতে পুলিশকে আমি নির্দেশ দিচ্ছি।”
সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১২ জন নেতা মন্ত্রীর বাসায় এই বৈঠকে অংশ নেন।
সাগর-রুনি হত্যার তদন্ত প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, “এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি আছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজের বাসায় খুন হন।
গত মাসে এক কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা ঘোষণা দেন, শনিবারের (৭ এপ্রিল) মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন সাংবাদিকরা। সারা দেশে জেলা পর্যায়ে ডিসি ও এসপি অফিসের সামনেও একই কর্মসূচি পালন করা হবে।
তবে মন্ত্রীর বাসায় চায়ের দাওয়াতের পর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “সরকারের মন্ত্রণালয় থেকে যখন একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন যে, তদন্তের অগ্রগতি হয়েছে তখন তা গুরুত্বের সঙ্গে নিতে হচ্ছে।”
অবস্থান ধর্মঘট কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এখন আমরা সংগঠনগুলো নিজেরা বৈঠক করবো। তারপর কালকের বিষয়ের সিদ্ধান্ত জানাব।”
বৈঠকের আলোচনা প্রসঙ্গে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, “মন্ত্রী আমাদের অনেক কিছুই বলেছেন। যেগুলো আমাদের বলা ঠিক হবে না। আমাদের না বলাই উচিৎ।”
“তবে এ হত্যাকাণ্ডে কোনো নিরাপরাধ ব্যক্তিকে জড়ানো হবে না বলে মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন”, যোগ করেন তিনি।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর প্রায় দুই মাস হতে চললেও কাউকে গ্রেপ্তার বা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কুলকিনারা করতে দৃশ্যত ব্যর্থ পুলিশ সাগর ও রুনির পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
মেহেরুন রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবশেষ গত ১০ মার্চ তাদের বাসায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুজন সদস্য। তারপর থেকে আর কেউ যোগাযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৫৫৬ ঘ.
bdnews24