সিলেট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে সিলেট নগরীতে এক ঘণ্টা সড়ক অবেরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কুয়ারপাড় পয়েন্টে শেখঘাট-লামাবাজার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে স্থানীয় জনতা।
রাত ৮ টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান শনিবার দুপুর ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বলেন, বৃহস্পতিবার রাতে ঝড়ের পর খুলিয়াপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার সারাদিনেও বিদ্যুৎ আসেনি। এর কারণে কিছু লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
পরে সিটি মেয়রের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.
bdnews24