নোয়াখালী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের দু’টি পক্ষ একই স্থানে কর্মসূচি দেওয়ায় নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকাকালে পৌর এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ কথাকবে। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফেরদৌস হাসান খান এ আদেশ দেন।
রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক স্থানে একাধিক পক্ষ কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্রদল নেতারা জানান, জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের আল-ফারুক একাডেমি, মুক্তিযুদ্ধের বিজয়মঞ্চ, নোয়াখালী পৌরহল ও হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন আয়োজন করে শহর, সদর উপজেলা ও নোয়াখালী সরকারি কলেজ শাখা।
কিন্তু দল থেকে সদ্য বহি®কৃত তিন নেতার নেতৃত্বে ছাত্রদলের অপর একটি পক্ষও ওই স্থানগুলোতে পৃথক কর্মসূচির আয়োজন করলে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে ধাওা পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর হয়।
ছাত্রদলের বহিস্কৃত নেতা ফরহাদ চৌধুরী বলেন, জেলা ছাত্রদল অবৈধভাবে সম্মেলনের আয়োজন এবং তাদের বহিষ্কার করেছে। তারা রাজপথে রাজনৈতিকভাবে এর জবাব দেবে।
সুধারাম (সদর) থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পুরো শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24