ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে দুপুরে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন এনা প্রোপার্টিজের এক কর্মকর্তা।
মিরপুর রোডে হারুণ আই হাসপাতালের সামনে বৃহস্পতিবার দুপুরে এ ছিনতাই হয় বলে মামলায় উল্লেখ করেছেন ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক আলমগীর হোসেন।
তার কাছ থেকেই ২০ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনতাই হয় বলে মামলায় বলা হয়।
ধানমন্ডি থানায় আলমগীরের করা মামলার বরাত দিয়ে থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ধানমন্ডি ৫ নম্বর সড়কের আইএফআইসি ব্যাংক থেকে ওই টাকা তুলে প্রাইভেটকারে করে বিজয় নগর যাচ্ছিলেন।
“তার গাড়ি হারুণ আই হাসপাতালের সামনে পৌঁছালে দুটি মটরসাইকেল সামনে এবং পেছনে দাঁড়িয়ে ব্যারিকেড দেয়। এরপর দুজন সন্ত্রাসী নেমে এক রাউন্ড ফাঁকা গুলি করে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”
দুইটি মোটরসাইকেলে পাঁচ জন ছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
আলমগীর এজাহারে বলেন, গাড়িতে চালক নুরুদ্দিন শিপন ছাড়া তার সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে কথা বলতে থানায় আলমগীরের দেওয়া মোবাইল নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৪০ ঘ.
bdnews24