২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্ক থেকে অর্থনৈতিক ইউনিয়ন’

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের লক্ষ্যই হচ্ছে এই অঞ্চলে অর্থনৈতিক জোট গড়ে তোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের লক্ষ্যই হচ্ছে এই অঞ্চলে অর্থনৈতিক জোট গড়ে তোলা। বুধবার রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও সুযোগ : সার্ক’ শিরোনামের দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ইউনিয়ন গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এখনো মাইলের পর মাইল যেতে হবে। তবে আমরা এটা অর্জন করতে চাই।” বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এ সম্মেলনে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ড. বজলুল এইচ খন্দকার, নিত্যানন্দ, শানথি ম্যারিয়েট ডোউজা ও রবীন্দ্র খানালসহ ১৪ জন অধ্যাপক ও পেশাজীবী প্রবন্ধ পাঠ করেন। সম্মেলনে বক্তারাও অর্থনৈতিক ইউনিয়ন গড়ে তোলার ওপর জোর দেন। দক্ষিণ এশীয় দেশগুলোর জোটে প্রথম দিকে তেমন অগ্রগতি হয়নি স্বীকার করে মন্ত্রী বলেন, এখন এটা বেশ গতিশীল। “এখন সবাই বুঝতে পারছে যে অসহযোগিতার জন্য চড়া মূল্য দিতে হয় এবং আমাদের এগিয়ে যাওয়া দরকার,” বলেন তিনি। এক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। “কখন ও কোথায় থামতে হয় গণমাধ্যমের সে বোঝাপড়া থাকার দরকার এবং কখন সংবাদ প্রকাশ করতে হবে তাও অবশ্যই জানা থাকতে হবে। শুরুতেই অনেক প্রশ্ন করলে আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থা হবে।” সংবাদ মাধ্যম ও নীতি নির্ধারকদের পরিস্থিতি অনুযায়ী যথাযথ আচরণ করার আহ্বান জানান তিনি। সম্মেলনে সুপারিশ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ অনুসন্ধানে সহায়ক হতে পারে-সম্মেলন থেকে এমন কতগুলো সুপারিশ এসেছে। সম্মেলনে বলা হয়, যৌথ অবকাঠামো প্রকল্প নেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতামূলক পদক্ষেপ প্রবৃদ্ধির ক্ষেত্র উন্মোচন করবে। বাণিজ্য ও বিনিয়োগে দক্ষিণ এশিয়ার আরো সুসংহত হওয়া উচিত বলে মত দিয়ে সম্মেলনে বক্তারা বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক ও অর্থনৈতিক রাজধানী গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২৩১০ ঘ.