২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মারা গেছেন এক বৃদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

দিনাজপুর/গোপালগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মারা গেছেন এক বৃদ্ধ। উভয় ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার গোয়ালহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্মৃতি রানী রায় (০৬) গোয়ালহাট গ্রামের প্রদীপ কুমার রায়ের মেয়ে। সে গোয়ালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে গোয়ালহাট সড়কে একটি মাইক্রোবাস স্মৃতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্মৃতির মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ লোকজন সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে গতিরোধক নির্মাণের দাবিতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গোপালগঞ্জে বাসচাপায় পলান টিকাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গরু নিয়ে রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ওই বৃদ্ধ ও গরু মারা যায়। পুলিশ সদর উপজেলার বৌলতলী থেকে বাসটি আটক করেছে। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, হরিদাসপুর গ্রামের পলান টিকাদার গরু নিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলে গরুসহ মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৫৪ ঘ.