বরিশাল, ০৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেয়রের ভাইয়ের বাধায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কয়েক কোটি টাকার কাজের দরপত্রের লটারি স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লটারি চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য প্রকৌশল অদিদপ্তরের বরিশালের নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার বলেন, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য চলতি বছরের ১১ জানুয়ারি দরপত্র আহবান করা হয়। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। ৭২ গ্র“প কাজের বিপরীতে দরপত্র জমা পড়ে এক হাজার ৭৭৬টি। বিভিন্ন কারণে গত ১১ মার্চ ও ২৫ মার্চ নির্ধারিত লটারির তারিখ পরিবর্তন করে বুধবার (৪ এপ্রিল) দিন ধার্য হয়।
“লটারির কাজ চলাকালে বরিশালের এক প্রভাবশালী নেতার ভাই বাধা দেন। আমাকে অশ্লীল ভাষায় গালাগালও দেন। তাই সুষ্ঠু পরিবেশ না থাকায় দরপত্রের লটারি স্থগিত করা হয়েছে,” বলেন এই প্রকৌশলী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৭২ গ্র“পের মধ্যে পিরোজপুর জেলার ১০ গ্র“পের লটারি শেষ হলে ঘটনাস্থল থেকে র্যাব চলে যায়।
এর কিছুক্ষণ পর বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরনের ভাই মামুন মাহমুদ এসে লটারি করার কারণে নির্বাহী প্রকৌশলীকে গালাগাল দেন।
এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান খান ভদ্র ভাষায় কথা বলার অনুরোধ করলে মামুন তার সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন।
এরপরই লটারি বাতিল করে দিয়ে প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেট কক্ষ ত্যাগ করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান খান প্রকৌশলীকে গালাগাল দেওয়ার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মামুন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তত দু’টি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের কথা। কিন্তু নির্বাহী প্রকৌশলী তার পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে গোপনে একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন।
“সাধারণ ঠিকাদাররা আমাকে বিষয়টি অবহিত করার পর আমি তার কার্যালয়ে গিয়েছিলাম। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।”
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার বলেন, নির্বাহী প্রকৌশলী আইনগত সহযোগিতা চাইলে দেওয়া হবে। তবে তার কার্যালয়ের ঘটনায় তিনি থানায় অভিযোগ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24