২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিন: মির্জা ফখরুল

সরকারের ‘সেবাদাসসুলভ ও নতজানু’ পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিএনপি ‘চিন্তিত’ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘গণতন্ত্র রক্ষার’ চূড়ান্ত আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের সেবাদাসসুলভ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।” সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী ১০ জুনের মধ্যে পুনর্বহালে সরকারকে গত ১২ মার্চের এক সমাবেশ থেকে সময় বেঁধে দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে এগ্রিরিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও জিয়া’ শিরোনামে এ আলোচনা হয়। প্রতিবেশি ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “টিপাইমুখে ফারাক্কা বাঁধের মতো মরণ ফাঁদ নির্মাণ করা হচ্ছে। অথচ আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ওই বাঁধ নির্মাণে বাংলাদেশের উপকার হবে।” “তিস্তা নদীর উৎসস্থলে ২৭টি বাঁধ নির্মাণ করা হয়েছে। সেখান থেকে আসা ৫৮টি নদীর মধ্যে ৫৪টিতে ভারত বাঁধ নির্মাণ করে ফেলেছে। অথচ সরকারের কোনো প্রতিবাদ নেই।” ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “সীমান্তে পাখির মতো আমাদের নাগরিকদের হত্যা করা হচ্ছে- সরকার নিশ্চুপ।” প্রধানমন্ত্রী প্রতিনিয়ত ‘মিথ্যাচার’ করছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “কতদিন যুদ্ধাপরাধীর ভাঙা ক্যাসেট বাজিয়েছেন। এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অর্থ দেওয়ার ভাঙা ক্যাসেট বাজাচ্ছেন।” “কিন্তু প্রধানমন্ত্রীকে বলব, এতে লাভ হবে না। আপনার কথা দেশের মানুষ আর বিশ্বাস করে না।” সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার ভোটের অধিকারসহ মৌলিক কাঠামো বিনষ্ট করেছে দাবি করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সংবিধানকে এমনভাবে কাটা-ছেড়া করা হয়েছে, এতে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সংবিধানের এমন কয়েকটি অনুচ্ছেদ আছে, তা কখনো সংশোধন করা যাবে না।” বর্তমান সরকারকে ‘ভণ্ড প্রতারক’ অভিহিত করে তিনি বলেন, “সংবিধানে আল্লাহর ওপর আস্থা উঠিয়ে দিয়ে বিসমিল্লাহ রেখেছে। আবার মেনন সাহেবকে বুঝ দিতে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছে। এরশাদকে বুঝ দিতে রাষ্ট্রধর্ম ইসলামও রাখা হয়েছে। এভাবে সরকার ভণ্ডামি করেছে।” সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আনোয়ারুন নবী মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইব্রাহীম খলিল, মোসলেহ উদ্দিন ফারুক, রাশেদ হাসান হারুন, গোলাম হাফিজ, এ্যাব সদস্য সচিব হাসান জাফরি তুহিন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৪ ঘ.