চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের পর চাঁদপুর-কুমিল্লা সড়ক প্রায় দু’ঘণ্টা অবরোধ করে রাখে অটোরিকশা শ্রমিকরা।
সোমবার সকালে উপজেলার মঠখোলা এলাকায় তর্কাতর্কির পর বাস শ্রমিকরা অর্ধশতাধিক অটোরিকশা ভাংচুর করে বলে অবরোধকারীদের অভিযোগ। এরপর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত অটোরিকশা চালকরা মঠখোলা এলাকায় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে বাস শ্রমিকদের অভিযোগ, অটোরিকশা শ্রমিকরা একটি বাস ভাংচুর করেছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ সাংবাদিকদের জানান, বৈশাখী নামের একটি যাত্রীবাহী বাস চাঁদপুরের যাওয়ার পথে মঠখোলা এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করতে গেলে অটোরিকশা চালকের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা হয়।
বাসশ্রমিকরা অটোরিকশা চালককে মারধর করলে ওই চালক ক্ষিপ্ত হয়ে বাসে ঢিল ছুড়লে ক্ষিপ্ত হয়ে বাস শ্রমিকরা জড়ো হয়ে চাঁদপুর-কুমিল্লা সড়কে চলাচলরত অটোরিকশা ভাংচুর করে বলে স্থানীয়রা জানায়।
চাঁদপুর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রিপন হোসেন বলেন, “বাস শ্রমিকরা আমাদের অর্ধশত অটোরিকশা ভাংচুর করেছে।”
চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিসক ইউনিয়নের সভাপতি মো. ফারুক দেওয়ান বলেন, বিষয়টি প্রশাসনের সহযোগিতায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
চাঁদপুর ট্রাফিক পরিদর্শক নাজমুল হোসেন বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। পরে আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯১৫ ঘ.
bdnews24