চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পার্কের রোলার কোস্টার থেকে পড়ে আহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই পার্কের ব্যবস্থাপকদের বিচার চেয়েছেন নিহতের স্ত্রী।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহত অনুপম চৌধুরীর স্ত্রী পাপিয়া চৌধুরী অভিযোগ করেন, কর্ণফুলী পার্কের অব্যবস্থাপনার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে।
তিনি জানান, গত ২৩ মার্চ বেশ কয়েক আত্মীয়সহ স্বামী ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা অনুপমকে নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্কে বেড়াতে যান। তারা সবাই পার্কের রোলার কোস্টার থেকে ছিটকে মাটিতে পড়ে যান।
এ ঘটনায় গুরুতর আহত অনুপম পর দিন মারা যান।
পাপিয়া বলেন, “ঘটনার দিন সন্ধ্যায় আমার স্বামী ও ভাগ্নিসহ মোট ১১জন টিকেট নিয়ে রোলার কোস্টারের বিভিন্ন কম্পার্টমেন্টে উঠি। ওঠার সঙ্গে সঙ্গে কোনো ধরনের পূর্বঘোষণা, সিট বেল্ট বাঁধার নির্দেশনা ও সতর্ক বার্তা ছাড়াই রোলার কোস্টারটি ছেড়ে দেওয়া হয়।”
“এতে আমরা সবাই মাটিতে পড়ে আহত হই এবং আমার স্বামীর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।’
সেদিন অনুপমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় তার।
দুর্ঘটনার জন্য পার্ক কর্তৃপক্ষকে দায়ী করে এর যথাযথ বিচার, পার্কের নিরাপত্তা ও ঝুঁকি প্রশমন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান পাপিয়া।
অনুপম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফটিকা গ্রামের অমূল্য রতন চৌধুরীর ছেলে। মারা যাওয়ার ২২ দিন আগে পাপিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১২৮ ঘ.
bdnews24