গোপালগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের উপসহকারী পরচালক (ডিএডি) অসিত কুমার জানান, শুক্রবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তালাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের মান্নান শেখের ছেলে মিলন শেখ (৩৮), একই জেলার নড়াগাতী থানার দেবদর গ্রামের হারুন রশিদের ছেলে ইব্রাহীম (৩২) এবং গোপালগঞ্জ সদর উপজেলার চরতালা গ্রামের আবুবক্কর মুন্সির ছেলে খবির মুন্সি (২৬)।
তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান, তিন রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি মুখোশ উদ্ধার করা হয়।
অসিত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের মেজর জাহিদ হাসান খানের নেতৃত্বে র্যাবের একটি টহল দল তালা বাজারে অভিযান চালায়।
“ওই সময় ডাকাতির উদ্দেশ্যে এ দলটি ইজি বাইকে করে রাত ১০টার দিকে তালা বাজারে পৌঁছালে র্যাবের টহল দল অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।”
জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫২০ ঘ.
bdnews24