ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশির দশকের আলোচিত সাময়িকী ‘বিচিন্তা’র সম্পাদক মিনার মাহমুদকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
মিনারের ভাই মেহেদী হাসান জানান, শনিবার দুপুরে বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন বর্ধনবাড়ি মসজিদে তৃতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকালে গ্রামের বাড়ি ফরিদপুরের আলিপুরে মিনারের দ্বিতীয় জানাজা হয়।
ঢাকা রিজেন্সি হোটেলের সপ্তমতলার একটি কক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার মাহমুদের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষে প্রায় একশটি ঘুমের বড়ির খোসা পেয়েছে পুলিশ।
ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ শুক্রবার সাংবাদিকদের বলেন, “বিষক্রিয়ায় মিনার মাহমুদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। ভিসেরা টেস্টের জন্য তার রক্ত, হৃদপিণ্ড, ডিএনএ ও অন্যান্য নমুনা রাখা হয়েছে।”
৫০ বছর বয়সী মিনারের জন্ম ফরিদপুর শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের এই ছাত্র আশির দশকের মাঝামাঝি সময়ে সাপ্তাহিক ‘বিচিত্রা’য় লেখালেখির মধ্য দিয়ে শিল্প-সংস্কৃতি-সাংবাদিকতা জগতে পা রাখেন।
এইচ এম এরশাদের সামরিক শাসনামলে ১৯৮৭ সালের ১০ জুন মিনারের সম্পাদনায় প্রকাশ হয় সাপ্তাহিক ‘বিচিন্তা’। সামরিক শাসনবিরোধী লেখালেখির কারণে ৮৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হলে বন্ধ হয়ে যায় সাপ্তাহিকটির প্রকাশনা।
১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালের ১০ ফেব্রুয়ারি আবারো প্রকাশ হয় ‘বিচিন্তা’। তবে সে বছরই প্রকাশনা বন্ধ করে আমেরিকা চলে যান মিনার।
দীর্ঘ দেড় যুগ পর ২০০৯ সালে তিনি দেশে ফেরেন। ২০১০ সালের ১০ অক্টোবর আবারো শুরু হয় ‘বিচিন্তা’র প্রকাশনা। কিন্তু গত বছরের মার্চে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে যান। ‘বিচিন্তা’র তৃতীয় দফা প্রকাশনাও বন্ধ রয়েছে তখন থেকেই।
চার ভাই ও দুই বোনের মধ্যে মিনার মাহমুদ ছিলেন সবার বড়।
হোটেল কক্ষ থেকে মিনারের লাশের সঙ্গে পাঁচ পৃষ্ঠার একটি চিঠিও পাওয়া গেছে, যা তিনি লিখেছেন লাজুককে উদ্দেশ্য করে। লাজুকের সঙ্গে বিয়ের আগে মিনারের দাম্পত্য কাটে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের সঙ্গে।
ব্যক্তিগত জীবনে নিঃসন্তান ছিলেন মিনার। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভবিষ্যতে কেউ সন্তানের দাবি নিয়ে এলে সুরাহার জন্য মিনারের ডিএনএ রেখে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৪২৬ ঘ.
bdnews24