২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

টাঙ্গাইলের মধুপুর এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শনিবার নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

টাঙ্গাইল/নেত্রকোনা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শনিবার নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মধুপুর থানার ওসি আমিরুল ইসলাম দেওয়ান জানান, মধুপুর উপজেলার সদরের কাঠালতলী মোড়ে সকাল সাড়ে ৭টার দিকে কভার্ড ভ্যানের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। জোসনা বেগম (৪০) ও মেয়ে শম্পা খাতুন (২০) ভুঞাপুর উপজেলার ফলদা গ্রামের পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের স্ত্রী ও মেয়ে। আমিরুল ইসলাম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে মধুপুরের কুড়ালিয়া কবিরাজ বাড়ি যাচ্ছিলেন জোসনা ও শম্পা। কাঠালতলী মোড়ে পৌঁছালে নেভী সিগারেট কোম্পানির একটি কভার্ড ভ্যান মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে পড়ে গিয়ে ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বালুবর্তি একটি ট্রাকের চাপায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। পূর্বধলা থানার ওসি আজিজুর রহমান জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে পূর্বধলার গোজালীকান্দা এলাকায় পূর্বধলা-দুর্গাপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোজালীকান্দা গ্রামের শিরিনা আক্তার (৩২), তার মেয়ে নিতু আক্তার (১৩) ও খাদিজা আক্তার (৭)। ওসি বলেন, বালুভর্তি ট্রাকটি জারিয়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল। গোজালীকান্দায় পৌঁছানোর পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে শিরিনার বাড়িতে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনজন। ট্রাকের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে যায়, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪০৫ ঘ.