মাগুরা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে প্রতিপক্ষের ছোড়া সড়কিতে বিদ্ধ হয়ে মাগুরায় আট মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সুমাইয়া মহম্মদপুর থানার বিনোদপুর ইউনিয়নের ম্যাক্সিমাইল গ্রামে রকিবুল ইসলামের মেয়ে। জমি নিয়ে বিরোধে তার প্রতিপক্ষ সড়কি ছুড়লে শিশুটির মৃত্যু হয় বলে রকিব জানান।
বৃহস্পতিবার রাতে সড়কি বিদ্ধ হয়ে শুক্রবার দুপুরে সুমাইয়ার মৃত্যু হয় বলে জানান মহম্মদপুর থানার ওসি ছগির মিয়া।
রকিব সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে স্ত্রী কন্যাকে নিয়ে নিজ ঘরে শুয়ে ছিলেন তিনি। রাত ১১টার দিকে জানালা দিয়ে নিক্ষেপ করা একটি ধারালো সড়কি, যা তার ৮ মাসের মেয়ে সুমাইয়ার পেটে আঘাত করে।
চিকিৎসার জন্য সুমাইয়াকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সকালে সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে মানিকগঞ্জে পৌঁছালে সুমাইয়ার মৃত্যু হয়।
জমি নিয়ে বিরোধের জের ধরে তার এলাকার বাদশা মোল্যা লোকজন দিয়ে তাকে হত্যা করার জন্য এ হামলা করে বলে অভিযোগ করেন রকিব।
তিনি বলেন, লক্ষ্যভ্রষ্ট সড়কিটি তার ৮ মাসের মেয়ের শরীরে বিদ্ধ হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান ওসি। রকিবের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/০০২৭ ঘ.
bdnews24