ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছরের পথচলার পর সপ্তম বছরে পা দিতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন।
২০০৬ সালে যাত্রা শুরু করা চ্যানেলটি শনিবার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করবে। নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে ছয় বছর পার করে বাংলাভিশন ‘আরো সামনের’ দিকে এগিয়ে যেতে চায় বলে জানালেন চ্যানেলটির চেয়ারম্যান আবদুল হক।
তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে। তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। প্রতিবছরই আরো ভালো করতে চাই।”
বর্তমানে প্রায় ৪০০ জনবল নিয়ে কাজ করা বাংলাভিশনের চেয়ারম্যান জানান, প্রতিবছরই তাদের দর্শকসংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে আয়ও।
“ভালোভাবে চালাতে পারলে টেলিভিশন চ্যানেল পত্রিকা থেকে লাভজনক করা যায়। আমরা এখন অনেক ভালো মুনাফা করছি,” বললেন আবদুল হক।
বিদেশি টেলিভিশন থেকে দর্শকদের দেশি চ্যানেলমুখী করতে বাংলাভিশনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “আগে আমাদের দেশে মেগাসিরিয়াল হত না। তখন ভারতীয় চ্যানেলগুলোর মেগাসিরিয়াল দেখত দর্শকরা। আমরা মেগাসিরিয়াল করছি এবং এটা জনপ্রিয় হচ্ছে। ভবিষ্যতে আরো ভালো মেগাসিরিয়াল বানাতে চাই আমরা।”
ভবিষ্যতে সংবাদ ও টকশো-কে আরো সমৃৃদ্ধ করার পরিকল্পনার কথাও জানান আবদুল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দিনভর বাংলাভিশন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২২২০ ঘ.
bdnews24