বরগুনা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডরে নিখোঁজ তিন জেলে বৃহস্পতিবার বরগুনার পাথারঘাটা উপজেলায় বাড়ি ফিরেছেন।
এরা হলেন কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের এমাদুল হক মাঝি, জ্ঞানপাড়া চরদুয়ানীর সোহাগ এবং তাফালবাড়িয়া গ্রামের ইব্রাহিম। প্রথম দুজন ফিরেছেন রাতে এবং শেষের জন ফিরেছেন বিকালে।
পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সিকদার জানান, ২০০৭ সালে সিডরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এই তিন জেলে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের শরনখোলায় ইব্রাহিমকে পাওয়া যায়। রাতে অপর দু’জনকে তাদের স্বজনরা খুজে পান। তবে এ দু’জনকে কোথায় পাওয়া গেছে তা জানা যায়নি। এদের শারীরিক অবস্থা খুবই খারাপ।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জাকির হোসেন সিকদার আরো বলেন, এই জেলেদের ভারতীয় কারাগারে আটকে রাখা হয়েছিল। গত ৪ মার্চ তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তারা কীভাবে এসেছেন তার বিস্তারিত কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24