২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যেকোনো’ শর্তে তুলা চায় বাংলাদেশ

তুলা রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুলা রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তৈরি পোশাক খাতের জন্য তুলা অপরিহার্য। আমরা চাই, সার্কভুক্ত দেশ হিসেবে ভারত যে কোনো শর্তে আমাদের তুলা দিতে সম্মত হোক।” বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ সার্ক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে স¤প্রতি ভারত সরকার বাংলাদেশে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বস্ত্রশিল্প সংশ্লিষ্টরা খুশি হলেও সে সময় প্রতিবাদ জানায় দেশটির তুলা রপ্তানিকারকরা। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। দেশটির রপ্তানি করা তুলার প্রায় ৮০ শতাংশই যায় চীনে। অনুষ্ঠান শেষে কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন ধরনের পরিবর্তন ছাড়াই দুই দেশের বাণিজ্যিক চুক্তি তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে।” স¤প্রতি তুলা ও বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে বাণিজ্য সচিব ভারতে গিয়েছিলেন বলেও জানান তিনি। বাণিজ্য সচিব পর্যায়ের ওই বৈঠক গত ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে বলেন, “সার্কভুক্ত দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র মাত্র পাঁচ শতাংশ নিজেদের মধ্যে হচ্ছে। অথচ পারিস্পরিক সহযোগিতার মাধ্যমে এই হার আরো বাড়ানো সম্ভব।” এক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে দাবি করেন তিনি। একাদশ সার্ক বাণিজ্য মেলায় ভারতের ৩০টি প্রতিষ্ঠান, পাকিস্তানের ১৮টি এবং নেপাল ও ভুটানের ১০টি করে প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এএল/১৭৩১ ঘ.